আশুলিয়ায় অবৈধভাবে দেওয়া প্রায় ৫ শতাধিক বাসাবাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার ধনাইদ, গোরাট ও ইউসুফ মার্কেট এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক আবু সাদাৎ মোঃ মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এসময় তিনি বলেন, এই এলাকায় এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্নের পর একটি অসাধু চক্র আবারও নিম্ন মানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে সংযোগ প্রদান করেন।

খবর পেয়ে আজ মঙ্গলবার আবারও অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দুই কিলোমিটার স্থানে ৫ শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে পাইপ ও রাইজারসহ বিভিন্ন ফিটিংস। তিনি বলেন, আমরা সংযোগ প্রদানকারীদের শনাক্তের চেষ্টা করছি। শনাক্ত করে যাচাই বাছাই করে তাদের আইনের আওতায় আনা হবে।

অভিযান চলাকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন, সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, মোঃ আনিসুর রহমান, আসওয়াদ, সুমন দাস ও রাজু আহমেদসহ স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ