এনআইডি স্বরাষ্ট্রে চলেগেলে নির্ভরশীলতা বাধাগ্রস্ত হবে সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেলে আন্তঃসম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। এতে নির্ভরশীলতার বিষয়টি বাধাগ্রস্ত হতে পারে।
আজ বুধবার (৩১ আগস্ট) নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা এনআইডি নির্বাচন কমিশনের অধীনে রাখার ব্যবস্থা নিতে সিইসির কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আমাদের কর্মকর্তা-কর্মচারীরা ১৫ বা ১৮ বছর ধরে এনআইডির সঙ্গে সম্পৃক্ত। তাদের মাধ্যমেই এনআইডি উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এর সঙ্গে ভোটার তালিকা ডাটাবেজ ওতপ্রোতভাবে সম্পৃক্ত বলেও তারা মনে করছেন। এখন অন্যের কাছে অন্য সংস্থার কাছে চলে গেলে নির্ভরশীলতার বিষয়টি বাধাগ্রস্ত হতে পারে।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে এনআইডি নেওয়ার আইন হচ্ছে। এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা এসেছিলেন। তবে আমাদের এখান থেকে চলে গেলে এনআইডি এবং আমাদের মধ্যে যে একটা ইন্টাররিলেশন (আন্তঃসম্পর্ক) সেটা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আমি কিছুটা বুঝি, পুরোটা বুঝি না। আমি ইসি কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। আমরা আলাপ-আলোচনা করে যদি কনভেন্সড হই, তাহলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করব।
তিনি বলেন, ইভিএমে ভোট নিতে হলে এনআইডি ডাটাবেজ প্রয়োজন, ভোটার তালিকার বাইপ্রডাক্ট হিসেবেও এনআইডি দরকার হয়। আমি এখনো তেমন কিছু বুঝি না। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আমরাও একদিক থেকে রাষ্ট্রের অংশ। সরকার অবশ্যই এসব বিষয় ইতিবাচক ভাবে দেখবে।

