মোঃ সোলায়মান হাওলাদার
বরিশাল বিভাগীয় প্রতিনিধিঃ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’২০২২ জেলা পর্যায়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে বেশি ভূমিকা রাখায় পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন। প্রাথমিক শিক্ষা পদক পটুয়াখালী জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।
মুহম্মদ সাহিন ২০১৯ সনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত দিনে প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের বাইসাইকেল, প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার, শিক্ষার্থীদের টিফিন বাটি, স্কুল ড্রেস, প্রতিযোগীতামুলক শিক্ষা প্রসারে উদ্দীপনা পুরস্কার প্রদানসহ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ ও শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করে আসছেন। এছাড়া লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা নিশ্চিত করার জন্য ফুটবল, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। শিক্ষাক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে ভূমিকা রাখায় এ সম্মানে ভূষিত হন তিনি।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ