শ্রীপুরে নির্মাণ সামগ্রী পড়ে শ্রমিক নিহত, আহত ২

গাজীপুরের শ্রীপুরে কারখানার নির্মাণ কাজ চলাকালে ওপর থেকে নির্মাণ সামগ্রী পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত ও ২ জন আহত হয়েছেন।
উপজেলার নয়নপুর এলাকায় অবস্থিত রিদিশা নিট কম্পোজিট কারখানার নবনির্মিত ভবনের নির্মাণকাজ চলাকালে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
কারখানার মানবসম্পদ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, নতুন ভবনের নির্মাণ কাজ চলাকালে নির্মাণ কাজে ব্যবহৃত নির্মাণসামগ্রী টিনের ছাপড়ার উপর পড়ে যায়। এ সময় ছাপড়ার নিচে থাকা তিনজন নির্মাণ শ্রমিক আহত হলে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে আহাদ আলী (৬৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। নিহত আহাদ আলী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নানিয়া গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হাড়িয়াঘাট গ্রামের বাসিন্দা আশরাফুল আলম এবং নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার গারারনান্দা গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়া।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর শুনেছি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

