
যুক্তরাষ্ট্রে জাতিসংঘের পুলিশপ্রধানদের সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যে সম্পর্ক রয়েছে, চুক্তিও আছে।
তার ওপর ভিত্তি করেই আইজিপির যাওয়ার বিষয়ে কাজ চলছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আমরা তো মনে করি জাতিসংঘ যখন আইজিপিকে দাওয়াত দিয়েছে, তিনি যাবেন। এজন্য যা প্রয়োজন তিনি সেগুলোর ব্যবস্থা নিচ্ছেন। জেনেশুনেই তিনি যাবেন।
উল্লেখ্য, আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের পুলিশপ্রধানদের নিয়ে জাতিসংঘের তৃতীয় সম্মেলন শুরু হবে। ওই সম্মেলনে বেনজীর আহমেদসহ ৬ সদস্যের প্রতিনিধি দলের অংশ নেওয়ার কথা। ৩০ আগস্ট তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ৬ সদস্যের এই দলে আরও রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম।
গত বছরের ১০ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ বাহিনীর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।।