গাজীপুর মহানগরীর গাছা থানাভুক্ত একই মালিকানাধীন দুইটি প্রতিষ্ঠান ন্যাশনাল কেমিক্যাল লিঃ এবং এবিকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শ্রম অসন্তোষজনিত সংকট নিরসন হয়েছে।দীর্ঘদিনের মালিক-শ্রমিক বিরোধকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতিতে বিগত ২৫/০৯/২০২২ তারিখ থেকে ন্যাশনাল কেমিক্যাল লিঃ বন্ধ হয়ে যায়। শ্রম মন্ত্রণালয়ে জনাব মুন্নুজান সুফিয়ান, প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সভাপতিত্বে ও জনাব এহসান ই এলাহী, সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর পরিচালনায় প্রায় ৫ ঘন্টা ধরে চলা বৈঠকে জেলা প্রশাসন, গাজীপুর, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, শিল্প পুলিশ, গাজীপুর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গাজীপুর এর প্রতিনিধিগণের প্রচেষ্টায় বিদ্যমান মালিক-শ্রমিকদের মধ্যে ৪ দফা সমঝোতা আনয়ন সম্ভব হয়েছে।এসময় শ্রমিক প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ,কার্যকরী সভাপতি কাজী রুহুল আমিন, গার্মেন্টস টিউসির গাজীপুর প্রতিনিধি জালাল হাওলাদার।ন্যাশনাল কেমিক্যাল শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহফুজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল।এবিকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান রাসেল ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির বৈঠকে উপস্থিত ছিলেন।

১) আগামীকাল থেকে বন্ধ কারখানা চালু হবে।
২) সেপ্টেম্বর, ২০২২ এর বেতন ৭ নভেম্বর, ২০২২ পরিশোধ করা হবে।
৩) অক্টোবর, ২০২২ (কারখানা বন্ধ থাকায়) উক্ত মাসের অর্ধেক বেতন ২০ নভেম্বর, ২০২২ পরিশোধ করা হবে।
৪) শ্রমিকদের বিরুদ্ধে মালিকের রুজ্জু করা মামলা প্রত্যাহার করা হবে।এছাড়া, শ্রম আইন, ২০০৬ এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিতকরণে পূর্বে সম্পাদিত ৬ দফা চুক্তি বাস্তবায়ন চলমান রাখা হবে।সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর পক্ষে মাহবুবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), শিল্প পুলিশ, গাজীপুর এর পক্ষে সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার, জেলা প্রশাসন, গাজীপুর এর পক্ষে ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গাজীপুর এর পক্ষে বেলাল আহমেদ, উপ-মহাপরিদর্শক উপস্থিত ছিলেন।