জয়পুরহাটে স্ত্রীর বড় বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার!!

টাকা ধার দেওয়ার নাম করে ডেকে নিয়ে আপন জ্যেষ্ঠা শালীকে (স্ত্রীর বড় বোন) ধর্ষণের অভিযোগে জুয়েল হোসেন মজনু (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। লম্পট জুয়েল কেবল ধর্ষণই নয়, অস্ত্র দেখিয়ে ঘটনার ভিডিও ধারণ এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার মতো জঘন্য অপরাধ করেছে বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার (২৯ এপ্রিল) রাতে শহরের হাড়াইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী নারী বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত জুয়েল হোসেন তার আপন ছোট বোনের স্বামী। গত ২৮ এপ্রিল বাসা ভাড়া দেওয়ার কথা বলে ওই নারীর কাছে ১০ হাজার টাকা ধার চায় জুয়েল। আত্মীয়তার টানে ওই নারী স্বামীর কাছ থেকে টাকা নিয়ে জয়পুরহাট শহরের হাড়াইল এলাকায় জুয়েলের ভাড়া বাসায় পৌঁছে দিতে যান।
বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে জুয়েল তার শালীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে। পাশবিক এই ঘটনার সময় সে নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে ওই নারীর সাথে থাকা নগদ ১০ হাজার টাকা, হাতের বালা ও নাকের ফুল কেড়ে নেয় লম্পট জুয়েল। ঘটনাটি কাউকে জানালে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়।
অপমান ও আতঙ্কে দিশেহারা হয়ে ওই নারী ২৯ এপ্রিল জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নামে পুলিশ। হাড়াইল এলাকা থেকে অভিযুক্ত জুয়েল হোসেন মজনুকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং অভিযুক্তকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সব আলামত সংগ্রহের চেষ্টা চলছে।
আসামি: জুয়েল হোসেন মজনু (৩২), পিতা: আফতাব হোসেন।
স্থায়ী ঠিকানা: খাসপাহুনন্দা মিশন বাজার, জয়পুরহাট সদর।
অভিযোগ: ধর্ষণ, ভিডিও ধারণ, লুটপাট ও হুমকি।
বর্তমান অবস্থা: আদালতের নির্দেশে জেলহাজতে।

