ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুর কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্রশান্তি-শৃঙ্খলা সর্বত্র”
এ প্রতিপাদ্যকে ধারণ করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুর কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন।
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” উক্ত স্লোগানকে তুলে ধরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর কর্তৃক অদ্য ২৯/১০/২০২২ খ্রিঃ তারিখ সকাল ১১:২০ ঘটিকায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিঃ ফ্যাক্টরিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর এর মাননীয় পুলিশ সুপার জনাব সিদ্দিকুর রহমান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপারদ্বয় জনাব দেলোয়ার হোসেন ও জনাব জালাল উদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার জনাব এস আলম ও জনাব রুহুল আমিনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং ফ্যাক্টরির মালিকপক্ষ, শ্রমিক ও স্টাফ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার জনাব এস আলম।
অনুষ্ঠানের শুরুতে ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিঃ ফ্যাক্টরির একজন নারী ও পুরুষ শ্রমিক বক্তব্য রাখেন। নারী শ্রমিক বলেন, নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও যেনো ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তাদের পাশে থাকে এই আশা ব্যক্ত করেন। পুরুষ শ্রমিক তার বক্তব্যে বলেন, মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অবদান অপরিসীম। শ্রমিকদের স্বার্থ উন্নয়নে এবং সুখে-দুঃখে সব সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পাশে থাকে এবং ভবিষ্যতেও যেনো এই ধারা অব্যাহত রাখে এই আশা ব্যক্ত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব জালাল উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং এর উৎপত্তি হয়েছে। যে কোন ধরনের সমস্যা মোকাবেলায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে অবগত করার জন্য তিনি সকল শ্রমিক ও স্টাফদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গুজবকে কানে দিবেন না, সুন্দর পরিবেশ বজায় রেখে ফ্যাক্টরিতে কাজ করবেন।
ফ্যাক্টরির ডিরেক্টর জনাব রেজওয়ান আলী রবিন বিভিন্ন সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর কর্তৃক আন্তরিক সহযোগিতার জন্য মাননীয় পুলিশ সুপার মহোদয়’কে ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কারো পক্ষে কাজ না করে মালিক এবং শ্রমিকের সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে ভূমিকা রেখে উভয়কে আলোচনার ভিত্তিতে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একই সূত্রে গেঁথে দিয়েছে। বিগত কয়েক মাস যাবৎ মালিক ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পুলিশ সুপার মহোদয় সুন্দর পরিবেশ সৃষ্টি করে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করেছেন। জনাব রেজওয়ান আলী রবিন ফ্যাক্টরির সুন্দর কর্মপরিবেশ ও নিরাপত্তা বজায় রাখার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর এর মাননীয় পুলিশ সুপার মহোদয়ের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব দেলোয়ার হোসেন কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিঃ ফ্যাক্টরির কর্তৃপক্ষের প্রতি বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি কমিউনিটি পুলিশিং সম্পর্কে বিশদ আলোচনা করে এর গুরুত্ব সম্পর্কে সকল শ্রমিক ও স্টাফদের দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি কমিউনিটি পুলিশিং এর পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে পুলিশের সেবা নিতে হবে সে সম্পর্কে সকলকে অবহিত করেন।
জনাব তানভীর জিয়াউল রশিদ, ম্যানেজিং ডিরেক্টর, ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিঃ ফ্যাক্টরি, তার বক্তব্যে বলেন মালিক শ্রমিক একটি পরিবার। এক্ষেত্রে কোন ধরনের ভুল বোঝাবুঝি যেন না হয়, সে ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে। সুন্দর ও সুস্থ পরিবেশ যেন বজায় থাকে তার উপর গুরুত্বারোপ করেন। তিনি বিভিন্ন সময় ফ্যাক্টরির অভ্যন্তরীন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর এর মাননীয় পুলিশ সুপারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র ইউনিটের মাননীয় পুলিশ সুপার জনাব সিদ্দিকুর রহমান মহোদয় বলেন, শ্রমিকদের সাথে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে। আপনাদের সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি এ সময় ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিঃ ফ্যাক্টরির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। তিনি বলেন, ইস্ট ওয়েস্ট একটি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান। বাংলাদেশ ছাড়াও বহির্বিশ্বে বিশেষ করে ইউরোপে এর ব্যাপক পরিচিতি ও সুনাম রয়েছে। তিনি বলেন, পুলিশিং কার্যক্রম গতিশীল করার জন্য জনগণের সহায়তা ও সহযোগিতা গ্রহণের নিমিত্তে কমিউনিটি পুলিশিং এর উৎপত্তি হয়েছে। “মালিক-শ্রমিক-পুলিশ ঐক্য গড়ি, সুন্দর ফ্যাক্টরি গড়ে তোলি” এই স্লোগানকে গুরুত্বারোপ করে পুলিশ সুপার মহোদয় অনুষ্ঠান আয়োজনের সাথে জড়িত সকল কর্মকর্তা, মালিকপক্ষ, শ্রমিক ও স্টাফদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাননীয় পুলিশ সুপার মহোদয় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব এস আলম মোঃ আব্দুল হান্নান আকন্দ, সহকারী পুলিশ সুপার, টঙ্গী সাব-জোন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর’কে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা এবং জনাব এম.এইচ আল মামুন, সভাপতি, কমিউনিটি পুলিশিং কমিটি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, টঙ্গী পূর্ব থানা, গাজীপুর’কে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন।

