গাজীপুর ইউথ ক্লাবের উদ্যোগে মহানগরের বোর্ড বাজার এলাকা থেকে টঙ্গীবাজার পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীদের পরিবহনের জন্য ফ্রি-বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। শনিবার থেকে এ সার্ভিস চালু হয়েছে।

গাজীপুর ইউথ ক্লাবের সভাপতি মো. তৌহিদুল ইসলাম দীপ জানান, মহানগর পুলিশ সম্প্রতি গাজীপুরে মহাসড়কগুলোতে ব্যাটারি চালিত অটো রিকশা চলাচল বন্ধ করে দেয়ায় স্বল্প দূরত্বের যাত্রীদের পরিবহনের যানবাহনের সংকট দেখা দেয়।

এমতাবস্থায় গত ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন পরিবহন সংকটের কারণে অনেক শিক্ষার্থী যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এ পরিস্থিতি দেখে গাজীপুর ইউথ ক্লাবের উদ্যোগে দ্বিতীয় পরীক্ষার দিন থেকে পরীক্ষার্থী ও তাদের অভিভাকদের বিনামূল্যে পরিবহনের জন্য চারটি বাস সরবরাহ করা হয়েছে।

বাসগুলো গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকা থেকে টঙ্গীবাজার পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী পরীক্ষার্থী ও তাদের অভিভাকদের পরীক্ষা কেন্দ্রের কাছে যথাসময়ে পৌঁছে দেবে। এজন্য তাদের কোন ভাড়া দিতে হবে না। গাড়িগুলোতে পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস লেখা রয়েছে। মহাসড়কের পাশে যে যেখানে নামতে চান তাদের সেখানেই নামিয়ে দেয়া হবে।

টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের পরীক্ষার্থী মো. তারেক জানান, এ সার্ভিস দেয়ায় আমরা স্বাচ্ছন্দে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারছি। তবে প্রথম দিন এ সার্ভিস না থাকায় বাস সংকট ও ভিড় থাকায় আমাদের কেন্দ্রে যেতে অনেক কষ্ট ও দূর্ভোগ পোহাতে হয়েছে।

একই শিক্ষা প্রতিষ্ঠানের অপর এক পরীক্ষার্থীর অভিভাবক মো. নাসির উদ্দিন বলেন, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে বোর্ডবাজারের বাসা থেকে টঙ্গী কেন্দ্রের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে বের হলেও বাসের জন্য প্রায় আধাঘণ্টা অপেক্ষা করেও বাসে উঠতে পারিনি। পরে সিএনজি চালিত অটো নিয়ে পরীক্ষা শুরুর সময়ে কেন্দ্রে পৌঁছেছি। কিন্তু পরদিন থেকে গাজীপুর ইউথ ক্লাবের ফ্রি-বাস সার্ভিসে কোন দূর্ভোগ ছাড়াই যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে পেরেছি। ইউথ ক্লাবের এ উদ্যোগকে ধন্যবাদ জানাই।

তৌহিদুল ইসলাম দীপ জানান, এ সার্ভিসে সার্বিক সহযোগিতা করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। প্রয়োজনে আরও বাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিমন্ত্রী।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ