দুই সাংবাদিকের উপর হামলাকারীদের শাস্তি দাবি জানিয়েছেন(জে এস এস)

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য, যমুনা টেলিভিশনের প্রতিবেদক আল আমিন শিকদার ও ভিডিওগ্রাফার আসাদুজ্জামান লিমনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগ।
এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সমন্বয়ক ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সভাপতি মোঃ ইলিয়াস।
বুধবার ( ১৭ আগস্ট) এক বিবৃতিতে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর বারবার হামলার ঘটনা ঘটলেও দোষীরা পার পেয়ে যাওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সারাদেশের সাংবাদিকদের নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে।
জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম আদালতে পেশাগত দায়িত্ব পালনকালে সবসময় আইনজীবীদের সহযোগিতা পেয়ছেন সংবাদকর্মীরা। কিন্তু আইনজীবী পরিচয়ে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর এমন ন্যক্কারজনক হামলা নিন্দনীয়। এ ঘটনায় দোষীরা পার পেলে আইনের শাসন প্রতিষ্ঠায় নিয়োজিত আইনজীবীদের নিয়ে সাধারণের মনে নেতিবাচক ধারণার সৃষ্টি হবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের উচিত শিগগিরই জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হোক। এদিকে এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) ও জাতীয় সাংবাদিক সংস্থা সহ চট্টগ্রামের সাংবাদিক সংগঠন গুলো।

