মনোহরদীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা: প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদন

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে সাংবাদিক মহসিন রহমানের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কামরুজ্জামান মোল্লার বাজার সংলগ্ন নিজ জমিতে চাষাবাদ করতে গেলে একদল দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে তার উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। বাম হাতের একটি আঙুল ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজ, সুশীল সমাজ ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
সাংবাদিকদের উপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য হুমকি—এমন মন্তব্য করে বক্তারা বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আহত সাংবাদিক মহসিন রহমানের দ্রুত সুস্থতা কামনা করেছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ