গাজীপুর চৌরাস্তা তেলিপাড়া এলাকায় অবস্থিত আলফা ড্রেসওয়্যার লিমিটেডে ঈদের বোনাস না পাওয়ার অভিযোগে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে অন্তত অর্ধশতাধিক শ্রমিক গণহারে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, ঈদুল ফিতরের পর থেকেই প্রায় দুই শতাধিক শ্রমিককে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছে। ঈদুল আজহার ছুটির আগে ৭ জুলাই ২০২২ তারিখ বিকেল ৫টায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। সে সময় শ্রমিকদের জানানো হয়, ব্যাংক সংক্রান্ত সমস্যার কারণে বোনাস প্রদানে কিছুটা দেরি হবে, তবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বোনাস দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময়ে বোনাস না পাওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে কাজে যোগ না দিয়ে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। শ্রমিকদের অভিযোগ, ২০২১ সাল থেকে প্রায় দেড় বছর ধরে নিয়মিত বেতন ও বোনাস প্রদান করা হচ্ছে না। এর আগে কারখানার পরিবেশ ও সুযোগ-সুবিধা সন্তোষজনক ছিল বলেও তারা দাবি করেন।

কিছু শ্রমিক অভিযোগ করেন, নির্দিষ্ট একটি সংগঠনে যোগদানের আহ্বান জানানো হয়েছিল এবং এতে রাজি না হওয়ায় কয়েকজনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঈদুল আজহার পাঁচ দিন আগে সুপারভাইজার মঞ্জুরুল ইসলামকে বেতন-বোনাস ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এছাড়া বিভিন্ন পদে কর্মরত একাধিক সাবেক কর্মকর্তা ও কর্মচারীকেও বিনা নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ রয়েছে। এদের মধ্যে কয়েকজন আদালতে মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন।

শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, আজ সকাল থেকে কারখানার সামনে শিল্প পুলিশের দুটি কাভার ভ্যান অবস্থান করতে দেখা গেছে।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে নিরাপত্তাকর্মী জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুনঃ