গাজীপুরের কলিয়াকৈর উপজেলায় পানিতে ডুবে কাজী রাহিম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাহিম উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার কাজী জামান হোসেনের ছেলে। সে অঞ্জনা মডেল হাই স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, স্কুল শেষে বাড়ি ফেরার পথে পাঁচ থেকে ছয়জন বন্ধুর সঙ্গে মাথালিয়া বিলে গোসল করতে যায় রাহিম। এক পর্যায়ে বিলের গভীর পানিতে ডুবে যায় সে। এ সময় তাকে আশপাশের লোকজন খোঁজাখুজি করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা তাকে বিলের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিল থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ