হাসপাতালে চিকিৎসাধীন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বুধবার (২৪ আগস্ট) দুপুর ১২টা ৪৯ মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াত কমিশনারের মেয়ে অ্যাডভোকেট আইরিন মাহবুব।

তিনি বলেন, আজ বুধবার বেলা ১২টার দিকে মাহবুব তালুকদার অসুস্থ হয়ে পড়েন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, মাহবুব তালুকদার ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বেলা ১২টা ৪৯ মিনিটে তিনি মারা যান।

মাহবুব তালুকদার দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগী ছিলেন। গত ১ জুলাই থেকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মাঝে দেশের বাইরে নিতে চাইলেও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় নেওয়া সম্ভব হয়নি।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে মাহবুব তালুকদার কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক নিয়োগ পান। দায়িত্ব পালনের সময় ভোটে অনিয়ম, কারচুপি সংক্রান্ত ইস্যু নিয়ে নিজের অবস্থান তুলে ধরে বক্তব্য রেখে আলোচনায় ছিলেন তিনি।

পোস্টটি শেয়ার করুনঃ