স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং এর জন্য স্থানও নির্ধারণ করা হয়েছে।

রোববার (১ মার্চ) ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছি। পরিদর্শনের সময় হাসপাতালের কর্মকর্তা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসপাতালটি পরিষ্কার-পরিচ্ছন্ন দেখেছি। এটিকে আরও কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে আমরা ভাবছি।”

তিনি জানান, মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে বর্তমান ২৫০ শয্যার হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে। এতে জেলার মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, “হাসপাতাল সুপারকে বলেছি, স্বাস্থ্যসেবার মান বাড়াতে যা যা প্রয়োজন তা আমাদের জানাতে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে হাসপাতালে আরেকটি লিফট স্থাপনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “আমি সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করেছি, সীমিত সম্পদের মধ্যেও যেন স্বাস্থ্যসেবা ভালোভাবে নিশ্চিত করা যায়। দীর্ঘদিন ধরে যারা হাসপাতালে কর্মরত আছেন, তাদের বিষয়টিও দেখা হচ্ছে। খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সরকারে আসার মাত্র দুই সপ্তাহ হয়েছে, এর মধ্যেই আমরা কাজ শুরু করেছি।”

পরিদর্শনকালে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ