সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘ছোট সুমন’ বাহিনীর একটি আস্তানা ধ্বংস করেছে কোস্ট গার্ড। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৩০ মার্চ ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছোট সুমন বাহিনীর সদস্যরা বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বাহিনীর একটি আস্তানা শনাক্ত করে তা ধ্বংস করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকি-টকি, রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বাহিনীর সদস্যরা সুন্দরবনের গভীরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন বিসিজিএস অপরাজেয় বাংলা’র নির্বাহী কর্মকর্তা লে. খালিদ সাইফুল্লাহ (এক্স), বিএন।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ